আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নামাজ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে চিকিৎসক নিহত

বেনাপোল প্রতিনিধি

নামাজ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে চিকিৎসক নিহত

যশোরের শার্শা উপজেলায় নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আল আমিন নামে এক চিকিৎসক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বারিপোতা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আল আমিন নাভারন এলাকার বাসিন্দা ও রফিকুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন এবং এলাকাবাসীর কাছে পরিচিত মুখ ছিলেন।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে নামাজ আদায় শেষে বাড়ির পথে রওনা হন আল আমিন। বারিপোতা গ্রামের একটি নির্জন স্থানে পৌঁছালে একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পর আশপাশের লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আলামত সংগ্রহ শুরু করে। হত্যাকাণ্ডের পেছনে কী কারণ রয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে পূর্ববিরোধ বা ব্যক্তিগত শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের ধারণা।

এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ মারুফ হাসান জানান, তিনি বর্তমানে ছুটিতে রয়েছেন। থানার দায়িত্বে থাকা তদন্ত কর্মকর্তা বিষয়টি দেখছেন। তিনি অনানুষ্ঠানিকভাবে জেনেছেন, নামাজ পড়ে বাড়ি ফেরার পথে তাকে হত্যা করা হয়েছে।

অন্যদিকে থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহ আলম বলেন, তিনি ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন। হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতি সম্পর্কে পরে বিস্তারিত জানানো হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন