চুয়াডাঙ্গার ৫ থানায় অনলাইনে জিডি সেবা কার্যক্রম উদ্বোধন

চুয়াডাঙ্গার ৫ থানায় অনলাইনে জিডি সেবা কার্যক্রম উদ্বোধন

চুয়াডাঙ্গায় অনলাইনে জিডি সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার দিবাগত রাত ১২টা ১ মিনিটে চুয়াডাঙ্গা জেলার ৫ থানার অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা।

বিজ্ঞাপন

এ কার্যক্রমের মাধ্যমে জেলার প্রতিটি থানায় এখন থেকে যেকোনো সময়, যেকোনো স্থান থেকে অনলাইনের মাধ্যমে সাধারণ ডায়েরি (জিডি) করা যাবে। আগে শুধু হারানো সংক্রান্ত জিডির সুবিধা থাকলেও, এখন পূর্ণাঙ্গ জিডি সেবা ঘরে বসেই পাওয়া যাবে। এতে নাগরিক ভোগান্তি অনেকাংশে কমে আসবে।

অনুষ্ঠানে পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, “অনলাইন জিডি চালুর মাধ্যমে পুলিশি সেবাকে আরো আধুনিক ও সহজলভ্য করা হলো। এখন থেকে নাগরিকরা মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে সহজেই অভিযোগ জানাতে পারবেন। তদন্ত কর্মকর্তার সাথেও সরাসরি অনলাইনে যোগাযোগ করা যাবে এবং জিডির সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করা সম্ভব হবে।”

তিনি আরও জানান, অনলাইন জিডির জন্য প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্র (NID), সক্রিয় মোবাইল নম্বর, স্মার্টফোনে তোলা লাইভ ছবি।

ব্যবহারকারীদের প্রথমে গুগল প্লে স্টোর থেকে Online GD অ্যাপটি ডাউনলোড করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপর যেকোনো ধরনের জিডি, যেমন- হুমকি, নিখোঁজ, চুরি, উত্ত্যক্তকরণ ইত্যাদি করা যাবে সহজেই।

পুলিশ সুপার নাগরিকদের উদ্দেশে বলেন, মিথ্যা, ভিত্তিহীন, অসম্পূর্ণ তথ্য-সংবলিত জিডির ক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেয়া হবে না। এক্ষেত্রে প্রকৃত সত্য ঘটনা ও তথ্যসমৃদ্ধ সাক্ষ্য-প্রমাণ সাপেক্ষে জিডি করার অনুরোধ জানান তিনি। এই অনলাইন জিডি কার্যক্রম জনগণের জন্য পুলিশি সেবা ডিজিটাল ও অধিকতর স্বচ্ছ করার ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান, অফিসার ইনচার্জ (তদন্ত) হোসেন আলীসহ পুলিশের কর্মকর্তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন