খুলনায় তেলিগাতি হাইস্কুলের প্রধান শিক্ষক দিলীপ কুমার সরকারকে গুলি করেছে দুর্বৃত্তরা। তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ৯টার
দিকে নগরীর আড়ংঘাটা থানার তেলিগাতি সরদারপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে কয়েকদিন যাবৎ কয়েকজন সন্ত্রাসী তার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকার করায় দুর্বৃত্তরা তার ওপর চড়াও হয়। বৃহস্পতিবার সকাল
৯টায় তিনি বাড়ি থেকে হেঁটে স্কুলে রওনা হন। কিছু দূর যাওয়ার পর মোটরসাইকেলযোগে দুই ব্যক্তি এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তার বাম পায়ের হাঁটুর উপরে বিদ্ধ হয়। গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে এসে তাকে মাটিতে লুটিয়ে পড়ে থাকতে
দেখেন। পরে তাকে স্থানীয় একটি ক্লিনিকে এবং পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
আড়ংঘাটা থানার ওসি তুহিন উজ্জামান জানান, জমিজমা এবং চাঁদা দাবির ঘটনাকে কেন্দ্র করে তাকে গুলি করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমরা খোঁজ-খবর নিচ্ছি। আসামিদের আটক করার জন্য অভিযান শুরু হয়েছে।
/এফ/
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

