ঝিনাইদহের কালীগঞ্জে দুই লাখ টাকার পানসহ একটি আলম সাধু ছিনতাই করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। সোমবার ভোরে কালীগঞ্জ উপজেলার নরেন্দ্রপুর বেলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আলম সাধু চালক আব্দুল হান্নান শেখ এ ঘটনায় বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেছেন, সোমবার ভোরে গোপালপুর গ্রাম থেকে কয়েকজন পানচাষি ১৮ বোঝা পান নিয়ে কালীগঞ্জে রওনা হন তারা। পথে নরেন্দ্রপুর বেলতলায় ৫-৬ জন মুখোশধারী ডাকাত রাস্তার ওপর কলাগাছ ফেলে এবং দুই পাশে গাছের সঙ্গে ফিতাবেঁধে তাদের গতিরোধ করে। এরপর ডাকাতরা হাতে থাকা দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে আঘাত করে। কিছুক্ষণ পর একটি লিচু বাগানে নিয়ে গাছের সঙ্গে বেঁধে পানবোঝাই আলম সাধু নিয়ে ডাকাতরা ঘটনাস্থল ত্যাগ করে।
সকালে আশপাশের মানুষ এসে তাদের উদ্ধার করে। ঈদুল ফিতরকে সামনে রেখে চুরি, ডাকাতি, ছিনতাই অনেক বেশি লক্ষ করা যাচ্ছে। ফয়লা মিশন পার হয়ে ঘোষনগর বাজারের সড়ক খুবই ঝুঁকিপূর্ণ। কয়েক দিন আগে বাবরা রেলক্রসিং থেকে তিন ভ্যান বরোইসহ ডাকাতরা নিয়ে যায়।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার বলেন, আলম সাধু ছিনতাইয়ের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে ডাকাতদের ধরতে আমরা অভিযান শুরু করেছি। আশা করছি দ্রুত তাদের আইনের আওতায় আনতে পারবো।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

