চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা–মুজিবনগর সড়কের ধান্যঘরা ক্লাব মোড় এলাকায় বাসের ধাক্কায় সিয়াম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম উপজেলার ধান্যঘরা গ্রামের মো. পলাশের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিয়াম তার দাদির সঙ্গে কার্পাসডাঙ্গা থেকে বাড়ি ফিরছিল। ধান্যঘরা ক্লাব মোড় এলাকায় বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় ফরিদপুর থেকে কার্পাসডাঙ্গাগামী রেখা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রওনা দিলে পথেই তার মৃত্যু হয়।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

