মাগুরার শ্রীপুরে মাইক্রো বাস ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হাফিজুর রহমান (৪০) নামে এক স্কুলশিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের ছাবিনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই শিক্ষক ছাবিনগর গ্রামের মৃত মহিউদ্দিন বিশ্বাসের ছেলে এবং এ ঘটনায় ভ্যান চালক মোতাহার মণ্ডল (৫৫) মারাত্মক আহত হয়েছেন৷
বর্তমানে তিনি মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে স্কুলশিক্ষক হাফিজুর রহমান ভ্যান চালক মোতাহার মণ্ডলের ভ্যানে লাঙ্গলবাঁধ বাজারের উদ্দেশ্যে রওনা হয়। শ্রীপুর-লাঙ্গলবাঁধ সড়কের ছাবিনগর এলাকায় বিপরিতগামী একটি মাইক্রো ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। মাইক্রোটি রেখে চালক পালিয়ে যায়।
এ ঘটনায় স্কুলশিক্ষক হাফিজুর রহমান ও ভ্যানচালক মোতাহার মণ্ডল মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় স্কুল শিক্ষক হাফিজুর রহমানের মৃত্যু হয়।
শ্রীপুর থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাইক্রোটি থানা হেফাজতে আনা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

