কালিয়ায় প্রতিপক্ষের হামলায় নিহত যুবকের লাশ উদ্ধার

কালিয়ায় প্রতিপক্ষের হামলায় নিহত যুবকের লাশ উদ্ধার

নড়াইলের কালিয়া উপজেলায় এক যুবকের লাশ উদ্ধার করেছে কালিয়া থানা পুলিশ। উদ্ধার করা যুবকের নাম রফিকুল মোল্যা (৩৮)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় উপজেলার কাঞ্চনপুর গ্রামের রিকাইল শেখের বাড়ির পেছন থেকে লাশটি উদ্ধার করা হয়। রফিকুল মোল্যা ওই গ্রামের আজিজুল মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের মিলন মোল্যা ও আফতাব মোল্যার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। ১১ এপ্রিল বিরোধের জেরে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে আফতাব মোল্যা গ্রুপের ফরিদ মোল্যা (৫৭) নিহত হন। পরে এ ঘটনায় কালিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় মিলন মোল্যার পক্ষের আসামি রফিকুল পলাতক ছিলেন।

মঙ্গলবার সকালে আফতাব মোল্যার লোকজন রিকাইল শেখের বাড়ির পেছনে রফিকুলের পা বাঁধা লাশ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ হেফাজতে নেয়।

কালিয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় তদন্ত চলছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন