খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর নতুন চেয়ারম্যান (গ্রেড-২) হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম (মনা)।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী।
প্রজ্ঞাপনে বলা হয়, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮-এর ধারা ৭(১) অনুযায়ী এস এম শফিকুল আলমকে চুক্তিভিত্তিকভাবে কেডিএ চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের শর্ত অনুযায়ী তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।
এতে আরও বলা হয়, যোগদানের তারিখ থেকে আগামী এক বছর মেয়াদে তিনি এ দায়িত্ব পালন করবেন। নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত হবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

