ভেড়ামারার পদ্মা নদীতে সন্ত্রাসীদের গুলিবর্ষণ, গুরুতর আহত ১

ভেড়ামারার পদ্মা নদীতে সন্ত্রাসীদের গুলিবর্ষণ,  গুরুতর আহত ১
ইনসেটে গুলিতে আহত শরিফুল। ছবি: আমার দেশ

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে স্পিডবোটের ট্রায়াল দিতে গিয়ে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে শরিফুল ইসলাম রবি (৪০) নামে এক দেহরক্ষী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার ভোররাতে উপজেলার গোলাপনগর বাগগাড়ি পাড়াসংলগ্ন পদ্মা নদীতে এই হামলার ঘটনা ঘটে। আহত রবি মনি পার্কের স্বত্বাধিকারী মনিরুল ইসলাম মনির দেহরক্ষী এবং বাহাদুরপুর ইউনিয়নের মুসলিমপুর ফকিরপাড়া গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে।

বিজ্ঞাপন

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনি পার্কের মালিক মনিরুল ইসলাম মনি কিছুদিন আগে একটি নতুন স্পিডবোট কেনেন। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় স্পিডবোটটি বিকল হয়ে পড়েছিল। পরবর্তীকালে ইঞ্জিনিয়ার এনে সেটিতে নতুন ইঞ্জিন স্থাপন করা হয়। শুক্রবার ভোরে নতুন ইঞ্জিনের কার্যকারিতা পরীক্ষা (ট্রায়াল) করার জন্য স্পিডবোটটি নিয়ে তারা পদ্মা নদীতে নামেন।

ওত পেতে থাকা একদল সন্ত্রাসী আচমকা স্পিডবোটটি লক্ষ্য করে কয়েক রাউন্ড এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে একটি গুলি রবির বাম হাতের পেশি ভেদ করে বুকের বাম পাশ দিয়ে বের হয়ে যায় এবং তিনি গুরুতর জখম হন। আহত রবিকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে প্রথমে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার বিকেল ৩টার দিকে তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ জাহেদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে । লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ করা হয়নি। লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন