মোংলা বন্দরে সশস্ত্র ডাকাতি: মালামাল লুট, আহত ৩ নাবিক

মোংলা বন্দরে সশস্ত্র ডাকাতি: মালামাল লুট, আহত ৩ নাবিক

মোংলা বন্দরে নোঙর করা বাংলাদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘এমভি সেঁজুতি’-তে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে।

সোমবার ভোররাতে নিরাপত্তাহীনতার সুযোগে একটি ডাকাত দল অস্ত্রের মুখে জাহাজের নাবিকদের হাত-পা বেঁধে নগদ অর্থ, মোবাইল ফোন, যন্ত্রাংশ ও জ্বালানি তেলসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

বিজ্ঞাপন

ডাকাতদের হামলায় আহত হন জাহাজের তিন নাবিক।

জানা যায়, বাংলাদেশি প্রতিষ্ঠান পিএনএন শিপিং লাইন্স-এর মালিকানাধীন ‘এমভি সেঁজুতি’ গত বছরের ২২ জুন ভারত থেকে পাথর নিয়ে মোংলা বন্দরে আসে। পণ্য খালাসের পর যান্ত্রিক ত্রুটির কারণে জাহাজটি পশুর নদীর বেসক্রিক এলাকায় প্রায় এক বছর ধরে অবস্থান করছে। জাহাজটিতে বর্তমানে চিফ অফিসারসহ সাতজন নাবিক ও স্টাফ রয়েছেন।

জাহাজের চিফ অফিসার মো. সিরাজুল হক দৈনিক আমার দেশকে জানান, ‘ভোররাতে হঠাৎ করে একটি ফিশিং ট্রলারে করে দেশীয় অস্ত্রে সজ্জিত ১৪ জনের একটি ডাকাত দল জাহাজে উঠে পড়ে। তারা আমাদের হাত-পা বেঁধে রেখে প্রায় তিন ঘণ্টা ধরে তাণ্ডব চালায়। ইঞ্জিনের বেয়ারিং, জ্বালানি তেল, যন্ত্রাংশ, মোবাইল ফোন ও নগদ টাকা লুটে নেয়।’

এ ঘটনায় জাহাজের তিন নাবিক আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। ঘটনার পরপরই মোংলা বন্দর কর্তৃপক্ষ, কোস্টগার্ড ও আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট আল সাফা শিপিং লাইন্স-এর খুলনা অফিসের ম্যানেজার শরিফ জাহাদুল করিম অমিত জানান, ‘এর আগেও দু’দফায় এই জাহাজে ডাকাতি হয়েছে। প্রতিবারই কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’

এ বিষয়ে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার হারুন অর রশীদ জানান, ‘পশ্চিম জোনের গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। ডাকাতদের ধরতে অভিযান শুরু হয়েছে।’

মোংলা বন্দর কর্তৃপক্ষের মুখপাত্র ও জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মাকরুজ্জামান মুন্সী বলেন, ‘আমরা ঘটনাটি শুনে খোঁজ নেওয়া শুরু করেছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।’

এ ঘটনাটি বন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। সংশ্লিষ্ট মহলের দাবি, বারবার অভিযোগের পরও ব্যবস্থা না নেওয়ায় চ্যানেলে অবস্থানরত জাহাজগুলো চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। অবিলম্বে জোরালো নিরাপত্তা নিশ্চিত না হলে মোংলা বন্দরের ভাবমূর্তি ও ব্যবসায়িক কার্যক্রমে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন