আদালত ভবনের ছাদের প্লাস্টার খসে আহত ৫ বিচারপ্রার্থী

জেলা প্রতিনিধি, বাগেরহাট

আদালত ভবনের ছাদের প্লাস্টার খসে আহত ৫ বিচারপ্রার্থী

বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত ভবনের ছাদের প্লাস্টার খসে পড়ে পাঁচ বিচারপ্রার্থী আহত হয়েছেন। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের তিনতলা ভবনের নিচতলায় (হাকিমি আদালত) কচুয়া এজলাসের সামনের বারান্দায় এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন সুমন দাস (৪৫), হৃদয় হাওলাদার (২৬), হাবিবুল্লাহ শেখ (২৮), মো. ফিরোজ শেখ (৬৫) ও মোতালেব হোসেন। তাদের সবার বাড়ি বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।

বিজ্ঞাপন

দুর্ঘটনার খবর পেয়ে জেলা ও দায়রা জজ আদালতের বিচারকরা হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত হন।

বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এম এম মাহাবুব মোর্শেদ লালন জানান, নিচতলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের আদালতসংলগ্ন কচুয়া কোর্টের সামনের বারান্দার ছাদের প্লাস্টার হঠাৎ খসে পড়ে। এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা বিচারপ্রার্থীরা আহত হন। পরে তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, আদালতের তিনতলা ভবনটি অনেক পুরনো। ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে এবং কয়েকটি স্থানে প্লাস্টার খসে পড়ছে। বিষয়টি জানিয়ে জরুরি ভিত্তিতে ভবনটি সংস্কারের জন্য গণপূর্ত অধিদপ্তরকে অনুরোধ করা হয়েছে।

বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শেখ আদনান হোসেন জানান, আহত পাঁচজনের মাথা, ঘাড় ও পায়ে আঘাত লেগেছে। তবে তাদের কারও আঘাত গুরুতর নয়। হাসপাতালে ভর্তি রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...