চীনা নাগরিকের আইফোন ছিনতাই, ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার

চীনা নাগরিকের আইফোন ছিনতাই, ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার

বাগেরহাটের মোংলা পৌর শহরের রাজ্জাক সড়কের এক মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে চীনা নাগরিকের ছিনতাই হওয়া দামি আইফোন উদ্ধার করেছে মোংলা থানা পুলিশ। মাত্র ছয় ঘণ্টার মধ্যেই ছিনতাইকারীকেও আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মোবাইল ফোনটির মূল্য প্রায় ১ লাখ ৮৫ হাজার টাকা। ঘটনাটি ঘটে সোমবার (৩০ জুন) সকাল ৮টার দিকে।

মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন আমার দেশকে জানান, চীনা নাগরিকের মোবাইল ছিনতাইয়ের অভিযোগ পাওয়ার পরপরই মোংলা থানা পুলিশের একটি দল অভিযান শুরু করে। ছিনতাইকারী কেওড়াতলা এলাকার আনোয়ারের ছেলে আরমানকে (১৭) কৌশলে আটক করা হয়।

আরমানের দেয়া তথ্যের ভিত্তিতে রাজ্জাক সড়কের চিহ্নিত নারী মাদক ব্যবসায়ী তিশার বাড়ি থেকে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। অভিযানকালে তিশা বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ আরও জানায়, আরমান মাদকাসক্ত এবং ছিনতাইয়ের সাথে জড়িত। ঘটনাটি চীনা নাগরিক সংক্রান্ত হওয়ায় গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনায় মোংলা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত মোবাইল উদ্ধার করায় মোংলা থানার প্রশংসা করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন