যশোর ডিবি পুলিশ জেলার দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। এদের একজন শহরের ষষ্ঠিতলাপাড়ার ইব্রাহিম হোসেন ডলার । তিনি ২৪টি মামলার আসামি। অন্যজন মণিরামপুরের সুজাতপুর গ্রামের পল্লব বিশ্বাস ওরফে সুদীপ্ত। তার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভয়নগর পৌর কৃষক দলের আহ্বায়ক তরিকুল ইসলাম হত্যা মামলা রয়েছে। পাঁচ মামলার আসামি সুদীপ্তকে গ্রেপ্তারের পর তিনি আদালতে তরিকুল হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক ভূঁইয়া জানান, ডলার জেলার শীর্ষ সন্ত্রাসী। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাত ১০টার দিকে শহরের রেলগেট এলাকা থেকে পলাতক এই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।
ডলার যশোর শহরের ষষ্ঠিতলার বাচ্চু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে যশোর কোতোয়ালিসহ বিভিন্ন থানায় খুন, অস্ত্র, বিস্ফোরক, মাদক ও দ্রুতবিচার আইনে মোট ২৪টি মামলা রয়েছে। এর মধ্যে পাঁচটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত। মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়।
এদিকে অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি পল্লব বিশ্বাস ওরফে সুদীপ্তকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
ডিবির ওসি মঞ্জুরুল হক ভূঁইয়া জানান, গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে মণিরামপুর উপজেলার সুজাতপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি একই গ্রামের পরিতোষ বিশ্বাসের ছেলে। এরপর পল্লব বিশ্বাস ওরফে সুদীপ্তকে আদালতে সোপর্দ করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রহমত আলী তার জবানবন্দি গ্রহণ করেন। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ডিবির ওসি জানান, আসামি পল্লব বিশ্বাস ওরফে সুদীপ্তের স্বীকারোক্তির মাধ্যমে তরিকুল হত্যার চাঞ্চল্যকর ঘটনাটির মূল রহস্য উদ্ঘাটন হয়। এ হত্যাকাণ্ডের কারণ ও যুক্তদের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে আপাতত তা প্রকাশ করা হবে না বলে তিনি জানান।
গত ২২ মে সন্ধ্যায় অভয়নগর উপজেলার ডহর মশিয়াহাটি গ্রামের পিন্টু বিশ্বাসের বাড়িতে সন্ত্রাসীরা গুলি করে ও কুপিয়ে হত্যা করে যশোরের নওয়াপাড়া পৌর কৃষক দলের আহ্বায়ক তরিকুল ইসলামকে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

