রূপসায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা

রূপসায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা

খুলনার রূপসায় ফখরুল শেখ (৩২) নামে যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলার নৈহাটি ইউনিয়নের নৈহাটি গ্রামের মোমিন শেখের ছেলে ও যুবদলনেতা ফরহাদ হোসেনের ছোট ভাই।

বিজ্ঞাপন

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইটভাটায় বিভিন্ন সময় চুরির ঘটনা ঘটায় নিরাপত্তার জন্য মাঝেমধ্যে ফখরুল রাতে সেখানে পাহারার দায়িত্ব পালন করতেন। ঘটনার রাতে তিনি ইটভাটার ভেতরে অবস্থান করছিলেন।

আনুমানিক রাত ১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ইটভাটায় ঢুকে ফখরুলকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ ফখরুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফখরুলের শরীরে দুটি গুলি লাগে। একটি গুলি লাগে ঘাড়ে, আরেকটি ডান চোয়ালের নিচ দিয়ে ঢুকে বাম কানের ওপর দিয়ে বেরিয়ে যায়।

এ বিষয়ে রূপসা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক মীর বলেন, ফখরুলের পরিবার সূত্রে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করি। লাশের সুরতহালে দেখা যায় তার শরীরে দুটি গুলি লেগেছে। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, নিহতের ভাই ফরহাদ শেখ বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন