চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সুলতানপুর সীমান্তের অপর পাশে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে ইব্রাহীম হোসেন বাবু (৩০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে বুধবার (২ জুলাই) দুপুরে।
বিজিবি সূত্র জানিয়েছে, তাদের পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে।
নিহত ইব্রাহীম হোসেন বাবু একই উপজেলার ঝাঁঝাডাঙ্গা গ্রামের মাদ্রাসাপাড়ার নুর ইসলামের ছেলে।
নিহতের পরিবার ও তার বাবা নুর ইসলাম জানান, ছেলে ইব্রাহীম হোসেন বাবু এদিন বেলা সাড়ে ১২টার দিকে গরুর জন্য ঘাস কাটার উদ্দেশ্যে সীমান্তে গালার মাঠে যায়। এ সময় ভারতের নদীয়া জেলার গেদে ক্যাম্পের বিএসএফ ৭৯ নম্বর খুঁটির কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে শুনতে পাই ছেলে ইব্রাহীমের লাশ বিএসএফ সদস্যরা ওপারে নিয়ে গেছে।
সীমান্তের একাধিক সূত্র জানিয়েছে, ইব্রাহীম হোসেন বাবুর লাশ বর্তমানে ভারতের কৃষ্ণনগরের শক্তিনগর হাসপাতালের মর্গে রয়েছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে.কর্নেল নাজমুল হাসান জানান, খবরটি পাওয়ার পর ভারতের ৩২-বিএসএফের কমান্ড্যান্ট সুজিত কুমারকে ফোন দিল তিনি জানান, এদিন দুপুরে কয়েকজন বাংলাদেশি স্বর্ণ পাচারকারী সীমান্তের ৭৯ নম্বর মেইন পিলারের ২০০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় বিএসএফের টহল দল তাদের ধাওয়া করে, এ সময় একজন গুলিবিদ্ধ হয়। তাকে হাসপাতালে নেয়া হয়েছে। কোনো বাংলাদেশি নিহত হওয়ার বিষয়টি বিএসএফের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি বলে তিনি জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

