যশোরের বাঘারপাড়ায় স্টিল বাক্সের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে সুচিত্রা দেবনাথ (৫৮) নামে এক গৃহবধূর লাশ।তাকে হত্যা করে ওই বাক্সের ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল।
বুধবার রাত ১১টার দিকে পুলিশ বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের ঘোষনগর গ্রাম থেকে লাশটি উদ্ধার করে। নিহত সুচিত্রা দেবনাথ ওই গ্রামের তপন দেবনাথের স্ত্রী। পুলিশ তপনকে আটক করেছে।
পুলিশের ধারণা, স্ত্রীকে হত্যার পর লাশ বাক্সে লুকিয়ে রাখেন তপন দেবনাথ। পরে স্ত্রীকে না পাওয়ার নাটক সাজান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল ছয়টার দিকে সুচিত্রা দেবনাথকে শেষবারের মতো দেখা যায়। এরপর সকাল সাড়ে ছয়টার দিকর তার স্বামী তপন দেবনাথ শহরের উদ্দেশে রওনা হন। দুপুর ১২টার দিকে বাড়ি ফিরে তিনি প্রতিবেশীদের জানান তার স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রতিবেশীদের নিয়ে তিনি স্ত্রীকে খুঁজেও বেড়ান।
একপর্যায়ে তিনি নিজ বসতঘরের ভেতরে রাখা কাপড়ের স্টিলের বাক্স খুলে দেখতে পান ভেতরে লেপ ও কাপড়ের নিচে স্ত্রীর নিথর দেহ রয়েছে। তখন তিনি থানায় খবর দেন।
পুলিশ বলছে, সুচিত্রা দেবনাথকে ধারালো কিছু দিয়ে মাথা ও মুখে আঘাত করে হত্যা করা হয়েছে। এরপর লাশ লুকাতে স্টিলের বাক্সে রেখে কাপড় ও লেপ দিয়ে ঢেকে রাখা হয়।
স্থানীয়রা জানান, সুচিত্রার সঙ্গে তার স্বামী তপন দেবনাথের কলহ লেগেই থাকত।
বাঘারপাড়া থানার ওসি তাইজুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্বামী-স্ত্রীর সাথে দ্বন্দ্ব ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী তপন স্ত্রী সুচিত্রাকে হত্যা করে নাটক সাজিয়েছেন। তপনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

