বাগেরহাটে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

বাগেরহাটে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

বাগেরহাটে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। শনিবার বাগেরহাট কামিল (আলিয়া) মাদরাসায় এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য মো. বেলাল হোসাইন অপুর উদ্যোগে এবং বাগেরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জাকির হোসেনের সার্বিক সহযোগিতায় ‘ইনসাফ, বাগেরহাট’র আয়োজনে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্যাম্পটি চলে।

ক্যাম্পে নাক, কান ও গলা, মেডিসিন, অর্থোপেডিক এবং গাইনি বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়ার সুযোগ পান সেবাপ্রত্যাশীরা। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ক্যাম্পে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের পাশাপাশি ডায়াবেটিস ও রক্ত পরীক্ষা করা হয়। বিশেষ করে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা।

ক্যাম্পে চিকিৎসাসেবা দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের সহকারী অধ্যাপক ও সার্জন ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন, বাগেরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. সাধন কুমার মিস্ত্রী, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. অনুপ কুমার ঘোষ এবং গাইনি বিশেষজ্ঞ ডা. ইসরাত জাহান।

আয়োজকরা বাগেরহাটের অসহায়, দরিদ্র ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত মানুষকে এ ধরনের উদ্যোগে অংশ নিয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন