খুলনায় জামায়াত নেতার বাসার সামনে মুড়ির প্যাকেটের ভেতর দুর্বৃত্তদের রাখা ককটেল বিস্ফোরণে এম এম মনিরুল ইসলাম (৬৩) নামের এক জামায়াত নেতা আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে খুলনার দিঘলিয়ায় এ ঘটনা ঘটে।
আহত জামায়াত নেতা এম এম মনিরুল ইসলাম স্থানীয় সেনহাটি কলের পুকুর পশ্চিমপাড়ের বাসিন্দা এবং স্থানীয় একটি ইউনিট জামায়াতের সভাপতি। তাকে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর পৌনে ৬টার দিকে ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের একটি ইউনিটের সভাপতি এম এম মনিরুল ইসলাম ফজর নামাজ শেষে মসজিদ থেকে ঘরে ফেরার সময় তার বসতঘরের দরজার সামনে পলিথিনের প্যাকেটে মুড়ি দেখতে পান। কেউ ভুল করে রেখে গেছেন ভেবে প্যাকেটটি ঘরে নিয়ে মেঝেতে রাখার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। এতে মনিরুলের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায় এবং ঘরে থাকা আসবাবপত্রে আগুন ধরে যায়। স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং জামায়াত নেতাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুশফিকুর রহমান অভিযোগ করেন, বোমার স্প্লিন্টারে আহত হন তিনি। তার ছোট ভাই এস এম রকিব উদ্দিন সেনহাটি ৭ নম্বর ওয়ার্ডের জামায়াত মনোনীত মেম্বার প্রার্থী। মূলত মেম্বার প্রার্থীকে ভয় দেখানোর জন্য সন্ত্রাসীরা মুড়ির ব্যাগের মধ্যে বোমা রেখে যেতে পারে।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরূপ কুমার চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য দুর্বৃত্তরা এ ধরনের ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে ভুক্তভোগীদের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

