গ্যাসের সংকট নিরসন, ভয়াবহ লোডশেডিং বন্ধ, বিদ্যুতের মূল্যহ্রাস, ভূতুড়ে বিদ্যুৎ বিল প্রত্যাহার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবিতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল, সমাবেশ এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্যের বাগেরহাট জেলা শাখা।
বুধবার বেলা ১১টায় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঁচ দফা দাবি-সংবলিত স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘদিন ধরে চলমান গ্যাস সংকট, ঘনঘন লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, অতিরিক্ত বিদ্যুৎ বিল এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে দেশের সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রার ব্যয় অসহনীয় পর্যায়ে পৌঁছেছে।
এ অবস্থায় ১১ দলীয় ঐক্য তাদের স্মারকলিপিতে পাঁচ দফা দাবি তুলে ধরে। দাবিগুলো হলো— দ্রুত গ্যাসের সংকট নিরসন করে শিল্প, বিদ্যুৎকেন্দ্র, বাণিজ্যিক ও আবাসিক খাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা; ভয়াবহ লোডশেডিং বন্ধ করে সারা দেশে মানসম্মত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা; বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধি প্রত্যাহার করে জনগণের ক্রয়ক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মূল্য নির্ধারণ; ভূতুড়ে ও অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায় বন্ধ করে প্রকৃত মিটার রিডিং অনুযায়ী বিল প্রদান এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও সিন্ডিকেট, মজুতদারি এবং কালোবাজারির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ।
স্মারকলিপিতে স্বাক্ষর করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম, এনসিপির বাগেরহাট জেলা প্রধান সমন্বয়কারী সৈয়দ মোরশেদ আনোয়ার (সোহেল), বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মুফতি রমিজ উদ্দিন, খেলাফত মজলিসের জেলা সভাপতি মুফতি মাওলানা আমিরুল ইসলাম সিদ্দিকী এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের জেলা আমির মুফতি আহমাদুল্লাহ আশরাফ।
সমাবেশে বক্তারা বলেন, জনগণের নিত্যদিনের দুর্ভোগ লাঘবে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-53f42f.jpg)