বিশেষ কায়দায় জুতার ভেতর ২ কোটি টাকার স্বর্ণের বার, আটক ১

বিশেষ কায়দায় জুতার ভেতর ২ কোটি টাকার স্বর্ণের বার, আটক ১

চোরাচালানে জড়িত লিটন রায়ের (৫০) জুতার ভেতরে স্কচটেপ দিয়ে বিশেষ কায়দায় মোড়ানো ছিল ১২টি স্বর্ণের বার। যার ওজন এক কেজি ৩৯৭ গ্রাম, দাম প্রায় দুই কোটি তিন লাখ ৫১ হাজার টাকা।

সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা লিটন রায়কে আটক করে। এরপর তার শরীর তল্লাশি করে জুতার মধ্যে থেকে ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

বিজ্ঞাপন

বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, বিজিবির কাছে তথ্য ছিল সকালের যে কোনো সময় নড়াইল থেকে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে এক ব্যক্তি স্বর্ণের চালান নিয়ে যাবেন। এই তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ৬টার দিকে যশোর ব্যাটালিয়নের হাবিলদার মুহাম্মদ রবিউল ইসলামের নেতৃত্বে একটি টিম শহরের নীলগঞ্জ সেতুর ওপর অবস্থান নেয়।

হাবিলদার মুহাম্মদ রবিউল ইসলাম জানান, সকালে সাড়ে ৮টার দিকে সোর্সের দেওয়া তথ্য মতে তারা সেতুর ওপর দিয়ে এক ব্যক্তিকে যেতে দেখেন। বিজিবি সদস্যরা ওই লোককে থামতে বললে তিনি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এরপর তাকে পাকড়াও করে দেহ তল্লাশি করা হয়। এক সময় তিনি বিজিবি সদস্যদের কাছে স্বীকার করেন, তার জুতার ভেতরে স্বর্ণের বার রয়েছে। পরে জুতা খুলে দেখা যায়, তার মধ্যে স্কচটেপ দিয়ে বিশেষ কায়দায় ১২টি স্বর্ণের বার রাখা আছে।

জব্দ বারগুলো স্বর্ণের কী না তা যশোর শহরের বাংলাদেশ জুয়েলারি সমিতির সদস্যভুক্ত একটি দোকানে পরীক্ষার পর নিশ্চিত হয় বিজিবি। এরপর আটক লিটন রায়কে অভিযুক্ত করে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা করেন হাবিলদার মুহাম্মদ রবিউল ইসলাম।

কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খান ঘটনা নিশ্চিত করে বলেন, 'আসামি ও জব্দ করা সোনা আদালতে পাঠানো হয়েছে।' আটক লিটন রায় ঢাকার সাভার উপজেলার বিরুলিয়া এলাকার মধুসূদন রায়ের ছেলে। তিনি বর্তমানে রাজধানীর শাঁখারীবাজার এলাকায় বসবাস করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন