খুলনায় এক রাতে দুই খুন, গুলিবিদ্ধ ২

খুলনায় এক রাতে দুই খুন, গুলিবিদ্ধ ২

খুলনায় এক রাতে পৃথক ঘটনায় দুজন খুন এবং দুজন গুলিবিদ্ধ হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে এসব ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে রূপসা উপজেলার রাজাপুর গ্রামের পপুলার এলাকায় সাব্বির (২৭) নামে এক যুবক গুলিতে নিহত হন। এ সময় আরো দুজন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ এক যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপতাল থেকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। এ ছাড়া মিরাজ নামে গুলিবিদ্ধ আরেক যুবক একটি বেসকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর পালিয়ে যান।

বিজ্ঞাপন

রূপসা থানার ওসি মাহফুজুর রহমান জানান, খুলনার শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সিন্ডিকেট বি-কোম্পানির প্রধান গ্রেনেড বাবুর প্রধান দুই সহযোগী কাউয়া মিরাজ ও সাব্বির। বৃহস্পতিবার রাত ৮টার দিকে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে রাজাপুর এলাকায় মাদক ব্যবসায়ী সোহাগের বাড়িতে গোলাগুলি হয়। এতে সাব্বির ঘটনাস্থলেই মারা যান। গুলিবিদ্ধ অবস্থায় কাউয়া মিরাজ একটি প্রাইভেট ক্লিনিকে অস্ত্রের ভয় দেখিয়ে চিকিৎসা নেওয়ার পর পালিয়ে যান। তাদের অপর সহযোগী সাদ্দাম মাথায় গুলিবিদ্ধ হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে সেখান থেকে ঢাকায় রেফার করা হয়।

তিনি আরো জানান, ঘটনাস্থলে ছয়টি খালি কার্তুজ, চারটি লাইভ কার্তুজ, কিছু ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জাম পাওয়া যায়। লাশের পাশে গ্রেনেড বোমাসদৃশ একটি বস্তু পাওয়া গেছে।

অন্যদিকে একই রাতে নগরীর হরিণটানা এলাকায় বালু ও জমি ব্যবসায়ী বাবলু দত্তকে (৫০) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাত ১০টার দিকে রাজবন্ধ এলাকার দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। বাবুল দত্ত দক্ষিণপাড়া এলাকার অমূল্য দত্তের ছেলে।

এলাকাবাসী জানায়, কাজ শেষ করে বাবলু দত্ত মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত গতিরোধ করে ফাঁকা একটি প্লটের মধ্যে নিয়ে গলা কেটে তার মৃত্যু নিশ্চিত করে। পরে রাত সাড়ে ১০টার দিকে পুলিশে খবর দেওয়া হয়।

হরিণটানা থানার ওসি শেখ খায়রুল বাসার জানান, ধারালো ছুরি দিয়ে বাবলু দত্তকে হত্যা করা হয়েছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখন বলা সম্ভব হচ্ছে না। লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন