মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করলে পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবির সদস্যরা। রোববার বাঘাডাঙ্গা সীমান্ত থেকে ১ জন ও শ্রীনাথপুর সীমান্ত থেকে ৪ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, গোপালগঞ্জের কোটালিপাড়া থানার হাজরাবাড়ি গ্রামের শচীন বিশ্বাস ছেলে দিপংক বিশ্বাস (৪০), মাদারীপুরের মিয়ারহাট থানার চরফতেবাহাদুর গ্রামের ললিত কুমারের ছেলে অনিল চন্দ্র মণ্ডল (৫৫), ভোলার মনপুরা থানার ঈশ্বরগঞ্জের হারাধন দাসের ছেলে লিটন কান্তি দাস (৪৮), ওই গ্রামের লিটন কান্তি দাসের ছেলে লিমন দাস (১৬), সাতক্ষীরার বৈকার গ্রামের আব্দুল গফুরের ছেলে আশিকুর রহমান বাবু (২৫)।
বিজিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম জানান, আটককৃতরা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন। এসময় তাদের আটক করা হয়। এরা সবাই বাংলাদেশের নাগরিক। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

