খুলনার রূপসায় মৎস্যঘেরে কাজ করতে গিয়ে অপূর্ব দাস (৫০) নামে এক মৎস্যচাষির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ডোবা গ্রামের বাসিন্দা।
রোববার দুপুরে নিজ ঘেরের পাড়ে মাটি দেওয়ার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পানিতে পড়ে গেলে ডুবে মারা যান।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ডোবা গ্রামের বাসিন্দা অপূর্ব দাস দীর্ঘদিন ধরে নিজের মৎস্যঘেরে মাছ চাষ করে সংসার চালিয়ে আসছেন। রোববার সকাল থেকে প্রতিদিনের মতো ঘেরের পাড়ে মাটি দিচ্ছিলেন তিনি।
এ সময় পাশের ঘেরে কাজ করছিলেন কয়েকজন প্রতিবেশীরা। তারা বলেন, আমরা একই এলাকায় কাজ করছিলাম। সে আমাদের থেকে দুই-তিন ঘের দূরে তার নিজ ঘের পাড়ে মাটি দিচ্ছিল। হঠাৎ ডেকে বলে বুকে ব্যথা করছেন। এর ৮-১০ মিনিট পর কোনো সাড়া শব্দ না পেয়ে গিয়ে দেখি সে পানিতে ডুবে আছে।
পরবর্তীকালে তাকে উদ্ধার করে দ্রুত রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসীর ধারণা, টানা কয়েক দিনের প্রচুর বৃষ্টিতে অপূর্বর মৎস্য ঘের তলিয়ে যাওয়ার উপক্রম হয়। পাড় ভেঙে মাছ ভেসে যাওয়ার আশঙ্কায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন। এমন মানসিক চাপই তার মৃত্যুর কারণ হতে পারে।
এক প্রতিবেশী বলেন, ‘গত কয়েক দিনের বৃষ্টিতে তার ঘের পাড় ভেঙে সব মাছ ভেসে যাওয়ার মতো অবস্থা। এই ক্ষতির চিন্তায়, মানসিক চাপ আর গরমে অসুস্থ হয়ে পানিতে পড়ে গেছে।
খবর পেয়ে রূপসা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিকভাবে অসুস্থ হয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হতে পারে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় ডোবা ও গোয়াড়া গ্রামসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অপূর্বর পরিবারে নেমে এসেছে শোকের পাশাপাশি আর্থিক অনিশ্চয়তা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

