ঢাকামুখী একটি যাত্রীবাহী বাস আগুনে পুড়ে গেছে। এতে বাসের যাত্রীরা সবাই অক্ষত থাকলেও তাদের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার বিকেল ৪টার পর যশোর-ঢাকা মহাসড়কে সদর উপজেলার ফতেপুর দাইতলা এলাকায় এই ঘটনা ঘটে।
সুকান্ত নামে ওই বাসের এক যাত্রী জানান, বিকাল ৪টার দিকে নড়াইল এক্সপ্রেস পরিবহনের বাসটি যশোর শহরের মণিহার কাউন্টার থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। কিছুদূর যাওয়ার পর ফতেপুর দাইতলা এলাকায় ইঞ্জিনে আগুন ধরে গেলে চালক বাসটি দ্রুত থামিয়ে দেন। ওই সময় সব যাত্রীরা নিরাপদে বাস থেকে নেমে পড়েন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ খান জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিভিয়ে ফেলেন।
বাসের আরেক যাত্রী হোসাইন বলছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই পুরো বাসটি পুড়ে যায়।
বিস্তারিত জানতে ফায়ার সার্ভিস যশোর স্টেশনে যোগাযোগ করা হলে আল আমিন নামে এক কর্মী বলেন, মুজিবুর রহমান নামে তাদের এক সাব অফিসার ঘটনাস্থলে রয়েছেন। তিনি এই বিষয়ে বিস্তারিত বলতে পারবেন। তার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা কেরলে মুজিবুর রহমান ফোন রিসিভ করেননি।
তবে যাত্রীরা বলছেন, বাসটির যান্ত্রিক ত্রুটি ছিল । যশোর মণিহার কাউন্টারে খানিকটা মেরামতও করা হয়। কিন্তু পুরো ত্রুটিমুক্ত না হওয়ায় চালক গাড়ি চালাতে চাইছিলেন না। তাকে জোর করে বাসটি চালাতে বাধ্য করে কর্তৃপক্ষ।
দাইতলা এলাকার লোকজন জানান, আগুন লাগার সাথে সাথে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুই পাশে বিপুল সংখ্যক যানজট সৃষ্টি হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

