বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, অতীতের বিভেদ ভুলে এখন সময় ঐক্যের। জনগণ আমাদের প্রতি যে আস্থা রেখেছে তার প্রতিদান দেওয়ার সময় এসেছে। বিগত দিনের মতো তাদের সব সুখ-দুঃখের সাথী হতে হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসররা আবার একত্রিত হওয়ার চেষ্টা করছে। ঐক্যবদ্ধ থেকে এদের রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে।
গতকাল শনিবার বিকালে যশোর জেলা বিএনপি আয়োজিত দলের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত কর্মসূচিতে অধ্যাপক নার্গিস বেগম বলেন, যে সময়টা পার করছি সেটি খুব বেশি অনুকূল নয়। বিএনপি সব সময় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের কথা বলে আসছে। সেই নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার জনগণের কথা বলবে, গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবে।
তিনি সদস্য সংগ্রহ অভিযানের বিষয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দীর্ঘ ১৭ বছর লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে আমরা পার করেছি । তাই সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে করে দলের মধ্যে যেন অনুপ্রবেশকারী ঢুকতে না পারে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র যুগ্ম সম্পাদক প্রকৌশলী টিএস আইয়ুব, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, নির্বাহী সদস্য আবুল হোসেন আজাদ, সাবিরা নাজমুল মুন্নি, কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, শহিদুল বারী রবু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

