বাগেরহাটের মোড়েলগঞ্জে সেপটিক ট্যাংকের দেয়াল এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে উপজেলার গুলিশাখালী ফাজিল মাদরাসায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরো দুই জন শ্রমিক।
মৃত মো. আতিয়ার রহমান (৪৫) যশোর জেলার আশরাইল গ্রামের মো. বদরউদ্দিনের ছেলে। আহত শ্রমিকরা হলেন নয়ন ও মমিনুল। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ভেতরে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। এ সময় হঠাৎ ট্যাংকের একটি দেয়াল ধসে পড়ে। এতে তিন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। তাদের চিৎকার শুনে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে যৌথ উদ্ধার অভিযানে তিনজনকে উদ্ধার করা হলেও আতিয়ার রহমানকে মৃত অবস্থায় পাওয়া যায়।
মোড়েলগঞ্জ থানার ওসি মাহামুদুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

