বকশীগঞ্জে দশানী নদীতে সেতুর দাবিতে মানববন্ধন

বকশীগঞ্জে দশানী নদীতে সেতুর দাবিতে মানববন্ধন
ছবি: আমার দেশ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের বদনেরচর এলাকায় দশানী নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে পাগলা খেয়াঘাটে সেতু না থাকায় যাতায়াত, শিক্ষা, চিকিৎসা ও কৃষিপণ্য পরিবহনে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ১০ থেকে ১৫ হাজার মানুষকে। দ্রুত সেতু নির্মাণ না হলে দুর্ভোগ আরও বাড়বে বলে জানিয়েছেন স্থানীয়রা।

মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের বদনেরচর তালতলা এলাকায় দশানী নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন, বদনেরচর ও আশপাশের কয়েকটি গ্রামের মানুষের চলাচলের অন্যতম পথ পাগলা খেয়াঘাট। কিন্তু দশানী নদীর ওপর কোনো সেতু না থাকায় প্রতিদিন নৌকা বা খেয়া পার হয়ে মানুষকে চলাচল করতে হয়। বর্ষা মৌসুমে নদীতে পানি বাড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, রোগী ও সাধারণ মানুষের দুর্ভোগের সীমা থাকে না।

স্থানীয়রা জানান, সেতুর অভাবে এই এলাকার সঙ্গে আশপাশের সড়কযোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কৃষকেরা উৎপাদিত ধান, সবজি ও অন্যান্য কৃষিপণ্য বাজারে নিতে গিয়ে অতিরিক্ত সময় ও পরিবহন ব্যয়ের মুখে পড়েন। জরুরি প্রয়োজনে অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়ে। বিশেষ করে রাতের বেলায় খেয়া পারাপার আরও ঝুঁকিপূর্ণ।

স্থানীয়দের অভিযোগ, নদী পারাপারের সময় এর আগে পানিতে পড়ে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাও ঘটেছে। ফলে সন্তানদের স্কুলে পাঠাতে অনেক অভিভাবককে সব সময় উদ্বেগের মধ্যে থাকতে হয়। একটি সেতু নির্মাণ হলে শুধু যোগাযোগব্যবস্থার উন্নয়নই নয়; শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন তারা।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা রিপন মিয়া বলেন, ‘পাগলা খেয়াঘাটে সেতু নির্মাণ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। সেতুটি নির্মাণ হলে শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত সহজ হবে। কৃষিপণ্য দ্রুত বাজারে নেওয়া যাবে এবং মুমূর্ষু রোগীদের সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব হবে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সেতু নির্মাণের দাবি জানাচ্ছি।’

আরেক স্থানীয় বাসিন্দা ফারুক মিয়া বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার ৫৫ বছর পেরিয়ে গেলেও এই অবহেলিত এলাকায় কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া লাগেনি। দশানী নদীর ওপর একটি সেতু আমাদের জন্য বিলাসিতা নয়, এটি এখন সময়ের দাবি। প্রায় পনেরো হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে পাগলা খেয়াঘাটে দ্রুত সেতু নির্মাণ করতে হবে।’

মানববন্ধনে স্থানীয়রা ‘পাগলা খেয়াঘাটে সেতু চাই’, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে হবে’, ‘দশানী নদীর ওপর দ্রুত সেতু নির্মাণ করতে হবে’ এমন বিভিন্ন দাবি সংবলিত স্লোগান দেন।

মানববন্ধন থেকে এলাকাবাসী পাগলা খেয়াঘাটে সেতু নির্মাণের জন্য জামালপুর-১ আসনের এমপি ও বিমান মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেন। তাদের দাবি, একটি সেতু নির্মাণ হলে দীর্ঘদিনের যোগাযোগ বিচ্ছিন্নতা দূর হয়ে বদনেরচর ও আশপাশের হাজার হাজার মানুষের জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন আসবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন