আধুনিক স্যানিটারি ল্যান্ডফিল থাকার পরও স্থান সংকুলান না হওয়ায় শেরপুরে মৃগী নদীর পাশে ফেলা হচ্ছে পৌর শহরের ময়লা-আবর্জনা। এতে নদীদূষণের পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে ওই এলাকার হাজার মানুষ। এতে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। এভাবে উন্মুক্ত স্থানে পরিত্যক্ত প্লাস্টিকসামগ্রী, পলিথিন, আবাসিক ও হাসপাতালের বর্জ্য ফেলে নদীসহ পরিবেশদূষণে পৌর কর্তৃপক্ষের খামখেয়ালিপনাকে দায়ী করছেন অনেকে। ২০২২ সালে শেরপুর পৌরসভার নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় সাড়ে ৬ কোটি টাকায় তিন একর জমি অধিগ্রহণ এবং স্থাপনা নির্মাণে আরো সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে শহরের অষ্টমীতলায় আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণ করা হয়। অথচ পৌর এলাকার আবর্জনা সেখানে না ফেলে শহরের মীরগঞ্জ এলাকার মৃগী নদীর পাশের জমিতে ফেলা হচ্ছে।
শেরপুর পৌরসভার তথ্যমতে, শেরপুর পৌর শহরের ৯টি ওয়ার্ডে প্রতিদিন প্রায় ৩০ টন বর্জ্য উৎপন্ন হয়। যেখানে ১৫ টন বর্জ্য অষ্টমীতলার নিজস্ব ডাম্পিং স্টেশনে ফেললেও স্থান সংকুলান না হওয়ায় বাকি ১৫ টন বর্জ্য ফেলা হয় মৃগী নদীর পাশের জমিতে ।
এলাকাবাসীর অভিযোগ, ময়লা-আবর্জনা ফেলার কারণে মৃগী নদীর পানি কালো হয়ে যাচ্ছে। সেই সঙ্গে ময়লার দুর্গন্ধ, অস্বাস্থ্যকর পরিবেশ এবং স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে।
স্থানীয় বাসিন্দা কবির মিয়া বলেন, দুর্গন্ধের কারণে তাদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে বর্জ্যের একটি অংশ নদীতে মিশে গিয়ে দূষণের মাত্রা আরো বাড়িয়ে দেয়।
শেরপুর পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা শরিফ উদ্দিন বলেন, ‘দেশে বর্তমানে বর্জ্য ব্যবস্থাপনা একটি বড় চ্যালেঞ্জ। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্পটি বৃহৎ আকারে করতে পারলে এসব আবর্জনা সম্পদের পরিণত করা সম্ভব । বর্জ্যকে যদি সম্পদে রূপান্তর করার কার্যকর উদ্যোগ নেওয়া যায়, তাহলেই এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। বর্জ্যকে সম্পদে পরিণত করতে সরকারি সহযোগিতার প্রয়োজন।’
শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা সাংবাদিকদের বলেন, ‘আমরা মৃগী নদীর পাশের জমিতে খুবই অস্থায়ী ভিত্তিতে ময়লা-আবর্জনা ফেলছি। আমরা খাসজমি খুঁজছি নতুন ডাম্পিং গ্রাউন্ড করার জন্য। পৌরসভা অথবা পৌরসভার বাইরে খাসজমি পেলে ওই জমি নতুন ডাম্পিং গ্রাউন্ড হিসেবে ব্যবহার করব। তখন মীরগঞ্জ ডাম্পিং গ্রাউন্ড আমরা ক্লোজ করে দেব।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

