জামালপুর শহরের একটি ভাড়া বাসা থেকে ইশরাত জাহান রিমা (২২) নামে এক অনার্স শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাতে শহরের দক্ষিণ কাচারিপাড়ার একটি আবাসিক এলাকার ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত ইশরাত জাহান রিমা জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি পণ্ডিতপাড়া এলাকার রশিদুল্লাহ মণ্ডলের মেয়ে। তিনি জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ কাচারিপাড়ার ওই বাসার একটি কক্ষ ভেতর থেকে তালাবদ্ধ অবস্থায় ছিল। শুক্রবার রাতে কক্ষটি থেকে দুর্গন্ধ বের হওয়ার বিষয়টি জানিয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হয়। খবর পেয়ে জামালপুর সদর থানার পুলিশ ঘটনাস্থলে যায়।
জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, একটি কক্ষ ভেতর থেকে তালাবদ্ধ। কক্ষের ভেতর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। পরে জামালপুর ফায়ার সার্ভিসের সহায়তায় দরজার তালা ভেঙে কক্ষের ভেতরে ঢোকে ।
তিনি আরো বলেন, কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইশরাত জাহান রিমার লাশ পাওয়া যায়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-40534d.jpg)