এসএসসি পরীক্ষার ফলাফলে ময়মনসিংহ বিভাগের চার জেলার মধ্যে সর্বোচ্চ পাসের হার অর্জন করেছে নেত্রকোনা জেলা। জেলায় এবার পাসের হার ৬০ দশমিক ৪৯ শতাংশ।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ময়মনসিংহ জেলায় পাসের হার ৫৭ দশমিক ৮০ শতাংশ, জামালপুরে ৫৫ দশমিক ৬০ শতাংশ, শেরপুরে ৫৫ দশমিক ৪১ শতাংশ এবং নেত্রকোনায় ৬০ দশমিক ৪৯ শতাংশ।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, নেত্রকোনার কেন্দুয়া উপজেলার শহীদ স্মৃতি বিদ্যাপীঠ থেকে এবার এসএসসি পরীক্ষায় ৩৬ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের সবাই উত্তীর্ণ হয়েছে। বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ।
উপজেলাভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, নেত্রকোনা সদরে পাসের হার ৬৪ দশমিক ৩১ শতাংশ, বারহাট্টায় ৪৯ দশমিক ৩১, মদনে ৬০ দশমিক ৮২, মোহনগঞ্জে ৬৮ দশমিক ৩৬, খালিয়াজুরীতে ৪৯ দশমিক ৪১, আটপাড়ায় ৫০ দশমিক ৮২, কেন্দুয়ায় ৫৫ দশমিক ০৭, দুর্গাপুরে ৫৮ দশমিক ৩০, কলমাকান্দায় ৫৯ দশমিক ২৮ এবং পূর্বধলায় ৬০ দশমিক ৪৯ শতাংশ। জেলায় কোনো বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়নি।
এদিকে দাখিল পরীক্ষায় নেত্রকোনা জেলায় পাসের হার ৫৩ দশমিক ৬১ শতাংশ এবং ভোকেশনালে ৪৬ দশমিক ৬০ শতাংশ। তবে জেলা শহরের মালনী কারিগরি স্কুলে এবার কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হয়নি। প্রতিষ্ঠানটি থেকে ৩১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছে।
শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আশাদুজ্জামান বলেন, ‘শিক্ষার্থীদের নিয়মিত ও মানসম্মত পাঠদানের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এর ফলেই ভালো ফলাফল অর্জন সম্ভব হয়েছে। আশা করছি, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।’
জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবীর আহাম্মদ বলেন, ‘শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনতে আমরা সমন্বিতভাবে কাজ করছি। শিক্ষার্থীরা নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত হলে ফলাফল আরও ভালো হবে।’
নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, ‘উচ্চ বিদ্যালয় ও কলেজগুলোতে বিতর্ক, বিজ্ঞান, ভাষা ও সাংস্কৃতিক ক্লাব গঠন করা হচ্ছে। এতে শিক্ষার্থীরা পাঠ্যসূচির পাশাপাশি বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ পাবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি ফলাফলও আরও ভালো হবে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

