দুর্গাপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে হত্যা

উপজেলা প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোনা)

দুর্গাপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে হত্যা

নেত্রকোণার দুর্গাপুরে মাদক সেবন ও বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে ওয়াহিদুল মৃধা ওরফে কেলিস (৩৮) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

শনিবার (২ মে) রাত পৌনে ৯টার দিকে দুর্গাপুর পৌরসভার তেরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, শহরের তেরী বাজার এলাকার লন্ড্রি ব্যবসায়ী মজিবুর রহমানের ছেলে নূর মোহাম্মদ (২৭) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও মাদক বিক্রেতা হিসেবে এলাকায় পরিচিত। একই এলাকার বাসিন্দা ওয়াহিদুল মৃধা কেলিস তাকে মাদক সেবন ও বিক্রি করতে নিষেধ করলে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

এর জের ধরে শনিবার রাতে নূর মোহাম্মদ ধারালো ছুরি নিয়ে কেলিসের ওপর অতর্কিত হামলা চালায় এবং এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তার চিৎকারে স্থানীয়রা এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথিমধ্যেই তিনি মারা যান।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নূর মোহাম্মদ, নুরুন্নাহার বেগম ও মাজেদুল ইসলাম নামে এক নারী সহ তিনজনকে আটক করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন