রোগী দেখতে আসার পথে ট্রাকচাপায় প্রাণ গেল দুই অটোরিকশা যাত্রীর

রোগী দেখতে আসার পথে ট্রাকচাপায় প্রাণ গেল দুই অটোরিকশা যাত্রীর

ময়মনসিংহে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে নগরীর অ্যাকুয়া বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন-ফুলবাড়িয়া উপজেলার চৌদার গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. সাদেক আলী (২৭) এবং একই উপজেলার জোরবাড়িয়া গ্রামের সোনিয়া (৩০)। তারা দুজনই দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন। দুর্ঘটনায় নিহত সোনিয়ার ছয় বছর বয়সী ছেলে সাজিদও গুরুতর আহত হয়েছে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ আল আমিন জানান, সাদেক আলীর এক আত্মীয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তাকে দেখতে সিএনজিচালিত অটোরিকশায় করে হাসপাতালে আসছিলেন সাদেক। অটোরিকশাটিতে চালকসহ মোট পাঁচজন ছিলেন।

তিনি বলেন, বেলা সাড়ে ১২টার দিকে অটোরিকশাটি আকুয়া বাইপাস মোড়ে পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সোনিয়ার মৃত্যু হয়। দুর্ঘটনায় অটোরিকশার আরও পাঁচজন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাদেক আলীকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতদের আইনগত প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন