সাংবাদিকদের ইতিবাচক ও নেতিবাচক সংবাদ নির্ভয়ে, সাহসিকতার সঙ্গে এবং বাধাহীনভাবে প্রকাশের আহ্বান জানিয়েছেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।
মঙ্গলবার দুপুরে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, নির্ভয়ে আপনারা সংবাদ প্রকাশ করবেন। সেটা সরকার, আমার, ইউএনও কিংবা ওসির বিরুদ্ধে গেলেও তাতে কিছু যায়-আসে না। মাদারগঞ্জের মানুষের স্বার্থে যখন যে বিষয় জনসম্মুখে তুলে ধরা প্রয়োজন, আপনারা তা তুলে ধরবেন। এতে মাদারগঞ্জের মানুষ উপকৃত হবে, দেশ উপকৃত হবে এবং আমাদের সরকারও উপকৃত হবে।
তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র যেমন গণমাধ্যমে তুলে ধরবেন, তেমনি সমাজের অন্যায়, অনিয়ম, দুর্নীতি ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের সংবাদও নির্ভয়ে, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীলতার সঙ্গে প্রকাশ করবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও, মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্নেহাশীষ রায়, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রহুল আমিন, উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুর কাদের বাবুল খান, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল ইসলামসহ অনেকে।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, জননিরাপত্তা, সরকারি সেবার মানোন্নয়ন এবং বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

