জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ঘোড়দৌড়ে ছিটকে পড়ে গুরুতর আহত হওয়ার ১০ দিন পর জামাল (১২) নামের এক বালক সওয়ারির মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত জামাল উপজেলার বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া গ্রামের লেবু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ মার্চ বিকেলে উপজেলার ঘুঘুমারী এলাকায় অনুষ্ঠিত একটি ঘোড়দৌড় প্রতিযোগিতায় সওয়ারি হিসেবে অংশ নেয় জামাল।
প্রতিযোগিতা চলাকালে একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঘোড়া থেকে ছিটকে পড়ে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বালিজুড়ী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য খলিলুর রহমান বলেন, দুর্ঘটনার পর থেকেই জামালের অবস্থা আশঙ্কাজনক ছিল। উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। মঙ্গলবার সকালে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

