ঢাকা-বগুড়া মহাসড়কে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অগ্নিসংযোগ করেছে আওয়ামীলীগ সমর্থকরা। সোমবার সন্ধ্যা সাতটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের গাড়িদহ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর হঠাৎ করে একদল পিকেটার মহাসড়কের গাড়িদহ এলাকায় জড়ো হয়। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পিকেটিং শুরু করে এবং আকস্মিকভাবে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনার আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন বলেন, সন্ধ্যা ৭টা ১৯ মিনিটে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। একটি ভ্যানের ওপর বস্তা ও চট দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে কাউকে দেখতে পাওয়া যায়নি।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন জানান, শেরপুর থানা-পুলিশ নিয়মিত টহল দিচ্ছে। এখন পর্যন্ত গাড়িদহ এলাকায় অগ্নিসংযোগ বা পিকেটিংয়ের সুনির্দিষ্ট কোনো তথ্য তাদের কাছে আসেনি।
তিনি জানান, বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং ঢাকা-বগুড়া মহাসড়কে নিয়মিত টহল অব্যাহত আছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

