তানোরে অবৈধভাবে তেল মজুত, ৩০ হাজার টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি, তানোর (রাজশাহী)

তানোরে অবৈধভাবে তেল মজুত, ৩০ হাজার টাকা জরিমানা
ছবি: আমার দেশ

রাজশাহীর তানোর উপজেলার তালন্দ এলাকায় নিজ বাড়ির পাশে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অভিযোগে আমিনুল ইসলাম নামের এক ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত আমিনুল ইসলাম উপজেলার তালন্দ গ্রামের বাসিন্দা এবং মো. ইদ্রিস আলীর ছেলে।

বুধবার (১ এপ্রিল) বেলা প্রায় ২টার দিকে তালন্দ ললিত মোহন ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞাপন

অভিযানকালে দেখা যায়, আমিনুল ইসলাম নিজ বাড়ির পাশে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে তা বেশি দামে বিক্রি করছিলেন। এ সময় তার কাছ থেকে ১৩৮ লিটার ডিজেল ও ৫ লিটার পেট্রোল জব্দ করা হয়।

পরে জব্দকৃত তেল ঘটনাস্থলেই সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় জনগণের মাঝে বিক্রি করা হয় এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। একই সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযুক্তকে নগদ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান বলেন, ‘অবৈধভাবে তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির মতো অনিয়মের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন