রাজশাহীর তানোরে আধুনিক পদ্ধতিতে বাণিজ্যিক আম চাষের পাশাপাশি সাথী ফসল হিসেবে মাসকলাই চাষাবাদ কার্যক্রম পরিদর্শন করেছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, এমপি।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার মুন্ডুমালা পৌরসভার আইড়া পল্লী বিদ্যুৎ সাবস্টেশন এলাকায় তানোর পৌরসভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজানের আমবাগানে তিনি এ পরিদর্শন করেন।
প্রায় ৪১ বিঘা জমির ওই আমবাগানে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস (জিএপি) বা উত্তম কৃষিচর্চা পদ্ধতিতে বাণিজ্যিকভাবে আম চাষ করা হচ্ছে। পাশাপাশি সাথী ফসল হিসেবে চাষ করা হচ্ছে মাসকলাই। পরিদর্শনকালে বরেন্দ্র অঞ্চলে আমের বিভিন্ন জাতের চাষ পদ্ধতি, উৎপাদন সম্ভাবনা এবং একই জমিতে আমের পাশাপাশি সাথী ফসল চাষের বিষয়ে খোঁজখবর নেন কৃষিমন্ত্রী।
এ সময় বাগানের তত্ত্বাবধানকারী কৃষক আলামিনসহ সংশ্লিষ্ট কয়েকজন মন্ত্রীকে বাগানের চাষাবাদ পদ্ধতি, আমের বিভিন্ন জাত, পরিচর্যা এবং সাথী ফসল হিসেবে মাসকলাই চাষের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।
মন্ত্রী বাগানের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং আধুনিক কৃষিপদ্ধতি অনুসরণ করে উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা সম্পর্কে জানতে চান। বাগানের সামগ্রিক চাষাবাদ কার্যক্রম দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
জানা গেছে, মন্ত্রীর পূর্বনির্ধারিত কর্মসূচিতে এ বাগান পরিদর্শনের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন পূর্বনির্ধারিত কর্মসূচিতে যোগদানের পাশাপাশি তিনি সময় বের করে বাগানটি সংক্ষিপ্ত সময়ের জন্য পরিদর্শন করেন। এ সময় বাগানে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মহাপরিচালক কৃষিবিদ আব্দুর রহিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. আজিজুর রহমান, রাজশাহীর উপপরিচালক মো. মোস্তফা কামাল, তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শিব শংকর বসাক, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মদ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সুভাষ কুমার মণ্ডলসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এ ছাড়া দলীয় নেতৃবৃন্দ, প্রান্তিক কৃষক ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ তিন দিনের সরকারি সফরে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। সফরের অংশ হিসেবে তিনি দুই জেলার কৃষি উৎপাদন, সম্ভাবনাময় ফসল ও কৃষি কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করছেন।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

