গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের ক্লাসরুমে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেওয়ার অভিযোগে ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র (টিসি) দিয়েছে জেলা স্কুল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে অভিযুক্ত ওই ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র প্রদান করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্কুলের প্রধান শিক্ষক মো. জিয়াউল হক।
উল্লেখ্য, গত ৬ অক্টোবর দুপুরে টিফিনের পর স্কুলের ভেতরেই কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের স্লোগান দেয় ওই স্কুলের অষ্টম, নবম ও দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী। পরে সেই ভিডিও মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হলে মুহূর্তেই তা ভাইরাল হয়।
এ ঘটনায় পরদিন ৭ অক্টোবর স্কুলের সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেনকে প্রধান করে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। স্কুলের সিসিটিভি ফুটেজ ও ভিডিও পর্যালোচনা করে বুধবার তদন্ত প্রতিবেদন প্রধান শিক্ষক মো. জিয়াউল হকের কাছে হস্তান্তর করা হয়। তদন্তে অভিযুক্ত ওই ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেন সাংবাদিকদের বলেন, ‘স্কুলে রাজনৈতিক স্লোগান দেওয়ার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তদন্ত প্রতিবেদন প্রধান শিক্ষকের কাছে হস্তান্তর করা হয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাদের স্কুল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।’
প্রধান শিক্ষক মো. জিয়াউল হক বলেন, ‘গত ৬ অক্টোবর স্কুলের ভেতরে নিষিদ্ধ রাজনৈতিক স্লোগান দেয় কিছু শিক্ষার্থী। এ সময় আমি নামাজে ছিলাম। নামাজ শেষে গোয়েন্দা সংস্থা থেকে ফোন করে আমাকে মিছিলের বিষয়ে জানতে চাওয়া হয়। পরে অন্য শিক্ষকদের কাছ থেকে বিষয়টি নিশ্চিত হই যে, স্কুলে এ ধরনের স্লোগান দেওয়া হয়েছে। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
গোপালগঞ্জের জেলা প্রশাসক ও ওই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আরিফ-উজ-জামান জানিয়েছেন, শৃঙ্খলা ভঙ্গের দায়ে ওই ৯ শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

