চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতাকে ফুলেল শুভেচ্ছা জানাতে গিয়ে হার্ট অ্যাটাকে মারা গেছেন এক কর্মী। বুধবার বিকেলে জেলা কারা ফটকের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় বিএনপির স্থানী নেতাকর্মীরা জানান, ৯ মে নাচোল থানার এক পুলিশ সদস্যকে মারধর মামলায় গোমস্তাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল্লাহ আল রায়হানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। বুধবার তিনি জামিনে মুক্তি পান। এ খবর ছড়িয়ে পড়লে বিকেল থেকে জেলা কারাগারের সামনে জড়ো হন শতাধিক নেতাকর্মী। নেতাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় কারা ফটকের সামনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মিঠু আলী। নেতাকর্মীরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জেলা হাসপাতালের চিকিৎসক ডা. ইশারুল ইসলাম তুষার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে তিনি মারা গেছেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন জানান, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

