আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

লালপুরে প্রতিপক্ষের ওপর হামলা, ফাঁকা গুলিবর্ষণ

উপজেলা প্রতিনিধি, (লালপুর) নাটোর

লালপুরে প্রতিপক্ষের ওপর হামলা, ফাঁকা গুলিবর্ষণ
ছবি: সংগৃহীত

নাটোরের লালপুরে পূর্বশত্রুতার জেরে নাজিম উদ্দিন নামের এক ব্যক্তিকে পিটিয়ে গুরুতর আহত ও ফাঁকা গুলিবর্ষণের অভিযোগ উঠেছে।

সোমবার সন্ধ্যায় লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার নওপাড়া গ্রামে নাজিম উদ্দিন ও আলী হোসেনের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে এলাকায় একাধিকবার মীমাংসার চেষ্টা করেও তারা ব্যর্থ হয়।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ আলী হোসেন তার লোকজন নিয়ে নাজিম উদ্দিনের বাড়িতে গিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। নাজিম উদ্দিন গালিগালাজ করতে নিষেধ করলে তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়।

তখন নাজিম উদ্দিনকে উদ্ধারে পরিবারের লোকজন এগিয়ে গেলে তারা ফাঁকা গুলি ছোড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা আহত নাজিমকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত নাজিম উদ্দিনের ছেলে নাজমুল হোসেন জানান, আলী হোসেনসহ প্রায় ১০ জন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে তার বাবার ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে।

এ সময় স্থানীয় লোকজনসহ তার বাবাকে উদ্ধারে এগিয়ে গেলে ফাঁকা গুলি ছোড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নাজমুল হোসেন বাদী হয়ে লালপুর থানা অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে গুলির কোনো আলামত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, পটকা ফুটিয়ে তারা আতঙ্ক সৃষ্টির চেষ্টা করতে পারে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন