সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের তিন প্রবাসীর পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের নির্দেশে দলটির নেতৃবৃন্দ নিহতদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাদের খোঁজখবর নেন।
নিহত তিন প্রবাসী হলেন—নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের শ্রীপুর গ্রামের রাব্বানীর ছেলে মো. সাব্বির হোসেন শুভ (৩০), দিঘীরপাড় এলাকার জাখের আলীর ছেলে শামীম হোসেন এবং মহিষডাঙ্গা গ্রামের আসলাম হোসেনের ছেলে রবিউল আউয়াল হৃদয়।
এ সময় জামায়াত নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। পরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নিহত তিন পরিবারের সদস্যদের আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন নাটোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর নূরুল ইসলাম, জেলা সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, শহর সেক্রেটারি আলী আল মাসুদ মিলন, নলডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর আব্দুর রব, সহকারী সেক্রেটারি মাওলানা আবু নওশাদ নোমানী, জিহাদুল ইসলাম, মাধনগর ইউনিয়ন জামায়াতের আমীর ডা. ফজলুল হক নান্নু, জামায়াত নেতা মো. আফাজ উদ্দিনসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ।
জামায়াত নেতৃবৃন্দ বলেন, প্রবাসীদের হারিয়ে পরিবারগুলো গভীর শোক ও কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এই দুঃসময়ে নিহতদের পরিবারের যেকোনো প্রয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের পাশে থাকবে।
এ সময় নিহতদের স্বজনরা জামায়াত নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

