বগুড়ার ধুনট উপজেলায় একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
বুধবার দুপুর ১২টার দিকে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ধুনট উপজেলার বানিয়াজান গ্রামের উজ্জ্বল সরকার (২২) এবং শেরপুর উপজেলার চৌবাড়িয়া গ্রামের শিখর চন্দ্র (২৩)। তারা দুজনই বন্ধু। বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
জানা গেছে, শেরপুর সড়ক থেকে মোটরসাইকেলে করে ধুনটে আসছিলেন উজ্জ্বল ও শিখর। পথে মাঠপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান উজ্জ্বল সরকার। গুরুতর আহত শিখরকে উদ্ধার করে স্থানীয় লোকজন ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যান।
ধুনট ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত সিনিয়র স্টেশন অফিসার জহুরুল ইসলাম বলেন, দুপুর ১২টায় দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং একজনের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
মোটরসাইকেলে থাকা অপর আরোহীকে স্থানীয় লোকজন হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

