চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ বলেছেন, কোনো সংসদ সদস্য জেনা ও ব্যভিচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত।
বুধবার দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের সেবাদান কার্যক্রম ডিজিটালাইজেশনে ‘হাসপাতাল অটোমেশন সিস্টেম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হারুনুর রশিদ বলেন, আপনারা সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন, গতকাল সাতক্ষীরার একজন এমপির অপকর্মের ভিডিও ভাইরাল হয়েছে। এতে আমাদের মান-ইজ্জত থাকে? যারা আজকে ইসলামকে ব্যবহার করে রাজনীতি করছেন, আমি বলেছিলাম এটা একটা ভণ্ড রাজনৈতিক দল। একেবারে ভণ্ড। তারা মুখে যে কথা বলে, তাদের কাজে তার কোনো মিল নেই।
তিনি বলেন, আমি মনে করি, এখানে ব্যভিচার-জেনা সমাজে ছড়িয়ে পড়ছে এসব অপরাধীর কারণে। যারা ধর্মীয় রাজনৈতিক দলের লেবাস ধরে এসব অপরাধ করে বেড়াচ্ছেন। আমি সরকারকে বলব, এখানে জেনা ও ব্যভিচারের আইন আছে, মৃত্যুদণ্ড। একেবারে সরাসরি মৃত্যুদণ্ড। সুতরাং এটি যদি প্রমাণ হয় ব্যভিচার ও জেনার সঙ্গে জড়িত, তাহলে সেই এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক।
সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রসঙ্গে তিনি বলেন, আজকে যদি প্রধানমন্ত্রী তদন্ত করতে যান, দেখবেন জামায়াতে ইসলামীর নেতারা সব হাউমাউ শুরু করবে—আমরা এই সরকারকে ফেলে দেব। কিন্তু সরকারকে ফেলে দেওয়া এত সহজ নয়।
হাসপাতালের সেবা ডিজিটালাইজেশন প্রসঙ্গে হারুনুর রশিদ বলেন, আজকে আমরা জেলা পরিষদের উদ্যোগে হাসপাতালের সেবাদান কার্যক্রম ডিজিটালাইজেশন শুরু করছি। আশা করছি, এক সপ্তাহের মধ্যে এই কার্যক্রম শেষ হবে। এটি শেষ হলে শিশু থেকে শুরু করে প্রতিটি রোগীর চিকিৎসাসংক্রান্ত তথ্য ডিজিটালাইজড হবে। এতে রোগীদের চিকিৎসার ইতিহাস হাসপাতালে সংরক্ষিত থাকবে।’
তিনি আরো বলেন, এই সিস্টেমের আওতায় হাসপাতালের ফার্মেসিও চলে আসবে। ফলে রোগীদের কী পরিমাণ ওষুধ দেওয়া হচ্ছে এবং কী পরিমাণ ওষুধ মজুত আছে, সেটিও ডিজিটালাইজেশনের আওতায় চলে আসবে। প্যাথলজিক্যাল টেস্ট, এক্স-রে থেকে শুরু করে সব পরীক্ষার রিপোর্ট স্বয়ংক্রিয়ভাবে চিকিৎসকের কাছে চলে যাবে এবং রোগীও এর একটি কপি পাবেন। দীর্ঘদিন ধরে আমরা এই কাজটি করার চেষ্টা করছিলাম। অবশেষে আজ এটি শুরু করতে পারলাম।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার, আরএমও মাহবুব হাসান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল বারেক, মাসিদুল হক নিখিল প্রমুখ।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

