বগুড়ায় ধূমপানের ভিডিও ধারণ করে ৫০০ টাকা দাবি করাকে কেন্দ্র করে মনিরুল ইসলাম গালিব (১৫) নামের এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের খান্দার এলাকায় এ ঘটনা ঘটে।
শুক্রবার সকাল ১০টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত গালিব বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। সে শহরের ঠনঠনিয়া নতুনপাড়া এলাকার মাহবুব হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর খান্দার এলাকায় পাসপোর্ট অফিসের পেছনে বন্ধুদের সঙ্গে ক্যারম খেলছিল গালিব। এ সময় সে ধূমপান করছিল। স্থানীয় মিশু (২১) নামের এক যুবক গালিবের ধূমপানের দৃশ্যের ভিডিও ধারণ করে। পরে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছে ৫০০ টাকা দাবি করে মিশু।
এ নিয়ে গালিবের সঙ্গে মিশু ও তার বন্ধু রোহিত বাবুর (২১) বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মিশু ও রোহিত বাবু গালিবের বুকে ও পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহীম আলী বলেন, এ ঘটনায় জড়িত মিশু, বাবু ও জিসান নামের তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে বৃহস্পতিবার রাতেই অভিযান চালানো হয়েছে। নিহত গালিবের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


