সিরাজগঞ্জের কাজিপুরে ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা করে লাশ মাটিতে পুঁতে রাখার অভিযোগে জামাল উদ্দিন নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ম আদালতের বিচারক লায়লা শারমীন এই কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত জামাল উদ্দিন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়াপাড়া গ্রামের মৃত অহেজ উদ্দিনের ছেলে।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুজ্জোহা শাহানশাহ মামলার বরাত দিয়ে জানান, কাজিপুর উপজেলার মেঘাই গ্রামের মজনু মিয়া ধান, পাট, গম ও ভুট্টার ব্যবসা করতেন। আসামি জামাল উদ্দিনের নগদ মূলধন না থাকায় ব্যবসার পূর্ণাঙ্গ কার্যক্রম পরিচালনার জন্য ভুক্তভোগী মজনু মিয়ার কাছ থেকে পর্যায়ক্রমে ১২ লাখ টাকা নেন। ব্যবসার লাভের অংশ উভয়ে ভাগ করে নিতেন। গত ছয় মাস যাবত আসামি জামাল উদ্দিন ভুক্তভোগী মজনু মিয়াকে তার প্রাপ্য টাকা ও ব্যবসার হিসাব না দেওয়ায় উভয়ের মধ্যে বিরোধ তৈরি হয়।
এমতাবস্থায় আসামি জামাল উদ্দিন ২০১৬ সালের ২ এপ্রিল ভুট্টা কেনার কথা বলে মজনু মিয়াকে যমুনা নদীর মাইজবাড়ি চরে ডেকে নিয়ে যান। এরপর থেকে মজনু মিয়া আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে তার স্ত্রী রূপালী খাতুন বাদী হয়ে জামাল উদ্দিনকে আসামি করে কাজিপুর থানায় অপহরণ মামলা দায়ের করেন।
পরে পুলিশ জামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। তিনি মজনু মিয়াকে হত্যার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে যমুনা নদীর চর থেকে বালুচরে পুঁতে রাখা মজনু মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। এই মামলায় জামাল উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

