পাবনার সাঁথিয়ায় দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কায় ৩ কৃষক নিহত হয়েছেন। শুক্রবার ভোর ৫টার দিকে মাধপুর সড়কের রাঙামাটিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ৫ জন।
নিহতরা হলেন- উপজেলার রাঙামাটি গ্রামের আলতাফের ছেলে খোকন ইসলাম (২৭), ছোন্দহ গ্রামের নজিমুদ্দিনের ছেলে ধনী প্রামাণিক (৫০), একই গ্রামের সাইদের ছেলে রাসেল আহমেদ (২৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রমিক সংকট কাটাতে প্রতিদিন ভোরে সাঁথিয়ার প্রত্যন্ত অঞ্চলের এক এলাকার কৃষকরা অন্য এলাকায় বেশি দামের আশায় পেঁয়াজ লাগানোর কাজে যান। প্রতিদিনের মত আজ ভোরে বেশ কয়েকজন শ্রমিক করিমনযোগে পেঁয়াজ লাগানোর কাজে যাচ্ছিলেন। মাঝপথে করিমনের সমস্যা হলে রাস্তার পাশে দাঁড় করিয়ে ঠিক করতে থাকে। ঘন কোয়াশায় দেখতে না পেয়ে মাধপুর থেকে সাঁথিয়াগামী একটি দ্রুত গতির মালবাহী ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই করিমনের ৩ কৃষক মারা যান। এসময় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এডি/জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

