ঈশ্বরদীতে চুরির সময় গণপিটুনিতে নিহত ১, আহত ২

ঈশ্বরদীতে চুরির সময় গণপিটুনিতে নিহত ১, আহত ২

পাবনার ঈশ্বরদীতে একটি মুদি দোকানে চুরি করতে গিয়ে স্থানীয় জনতার পিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় অভিযুক্ত ব্যক্তির ধারালো অস্ত্রের হামলায় দোকান মালিক ও তার দুই ছেলে গুরুতর আহত হন। আহতরা ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার রাত প্রায় ১টায় উপজেলার সাহাপুর ইউনিয়নের মিস্ত্রিপাড়া ঠান্ডাতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমন (৩২) একই ইউনিয়নের মহাদেবপুর আজিজলতলা এলাকার মৃত বয়েন মণ্ডলের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে মুদি ব্যবসায়ী হবিবুল ইসলামের দোকানে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন সুমন। দোকানের পাশেই বসতবাড়ি হওয়ায় শব্দ পেয়ে হবিবুল ইসলাম বাইরে বের হয়ে তাকে আটকানোর চেষ্টা করেন। এ সময় সুমন ধারালো অস্ত্র দিয়ে হবিবুল ইসলাম ও তার দুই ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন।

তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে সুমনকে আটক করে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আহত দোকানি হবিবুল ইসলাম ও তার দুই ছেলে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আশাদুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন