রাজশাহীর গোদাগাড়ীতে পুলিশের অভিযানের সময় ৪০০ বোতল অবৈধ মাদকদ্রব্য এস্কাফ ফেলে প্রাইভেটকার নিয়ে পালিয়েছে দুই মাদক কারবারি। সোমবার (১০ আগস্ট) রাত ১০টা ৪৫ মিনিটে গোদাগাড়ী থানাধীন জৈটাবটতলা গ্রামে এ ঘটনা ঘটে।
পলাতক দুই অভিযুক্ত হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার সোনা মসজিদ গ্রামের মো. আতাউর রহমানের ছেলে মো. রুবেল হক (২৬) এবং একই থানার কমলাকান্তি রাণীহাটি গ্রামের মো. সুভান আলীর ছেলে মো. কামিরুল (২৫)।
রাজশাহী জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গোদাগাড়ী থানার এসআই মো. আশাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ সোমবার রাত ৯টা ১০ মিনিটে গোদাগাড়ী থানা ও আশপাশের এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে নিয়োজিত ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টা ২৫ মিনিটে তারা জানতে পারেন, জৈটাবটলা গ্রামের জনৈক মো. মাসুদ রানার বসতবাড়ির পশ্চিম পাশে অর্জুন গাছের নিচে পাকা রাস্তার ওপর দুই মাদক কারবারি একটি প্রাইভেটকারের পেছনের ডালা খুলে সাদা রঙের দুটি প্লাস্টিকের বস্তাসহ অবস্থান করছে।
সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই মো. আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ রাত ১০টা ৩০ মিনিটে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে রাত ১০টা ৪৫ মিনিটে দুই ব্যক্তি রাস্তার ওপর সাদা রঙের দুটি প্লাস্টিকের বস্তা ফেলে রেখে সিলভার-গোল্ড রঙের প্রাইভেটকার নিয়ে নাচোল থানাগামী সড়ক দিয়ে কৌশলে পালিয়ে যায়।
পরে ডিবি পুলিশ ঘটনাস্থলে ফেলে যাওয়া দুটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে সেখান থেকে ৪০০ বোতল অবৈধ মাদকদ্রব্য এস্কাফ উদ্ধার করে।
পুলিশ জানায়, এ ঘটনায় পলাতক মো. রুবেল হক ও মো. কামিরুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় রাজশাহীর গোদাগাড়ী থানায় মামলা করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

