সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, ‘শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। অসাম্প্রদায়িক বাংলাদেশে ধর্ম-বর্ণনির্বিশেষে প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে পালন করবেন—এটাই আমাদের প্রত্যাশা।’
মঙ্গলবার নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।
বিকেল ৫টা থেকে রাত সোয়া ১টা পর্যন্ত টানা আট ঘণ্টারও বেশি সময় ধরে দুই উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং পূজারি, আয়োজক কমিটি ও দর্শনার্থীদের সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সব মানুষের নিজ নিজ ধর্মীয় উৎসব পালনের পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। বর্তমান সরকার সব সময় সবার পাশে রয়েছে। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে উৎসব উদযাপনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, এবারের পূজায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এর আগে প্রতিমন্ত্রী বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর সার্বজনীন মন্দির, বাগাতিপাড়া পৌরসভা সার্বজনীন দুর্গা মন্দির, গালিমপুর সার্বজনীন দুর্গা মন্দির, বাগাতিপাড়া সার্বজনীন দুর্গা মন্দির ও জামনগর সার্বজনীন দুর্গা মন্দিরসহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।
পরে লালপুর উপজেলার ধুপইল সার্বজনীন বাজার মন্দির, ওয়ালিয়া সার্বজনীন দুর্গা মন্দির, মধুবাড়ি লক্ষ্মী মন্দির, নর্থ বেঙ্গল সুগার মিলস দুর্গামাতা মন্দির, গোপালপুর লক্ষ্মীনারায়ণ সার্বজনীন পৌর কেন্দ্রীয় মন্দির, বুধপাড়া শ্রী শ্রী কালীমাতা মন্দির, জোতদৈবকী শিব ও কালী মন্দির, লালপুর ত্রিমোহিনী শিব মন্দির এবং ভাটপাড়া দুর্গা ও শিব মন্দির পরিদর্শন করেন ।
এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (কাজী মো. মেশকাতুল ইসলাম), উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবির হোসেন, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু, লালপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপেন্দ্রনাথ সাহা ও সাধারণ সম্পাদক সঞ্জয় কুমারসহ বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

