নাটোরে বাস দুর্ঘটনা

নতুন চাকরির আনন্দ নিয়ে বাড়ি ফেরা হলো না আনোয়ারের

নতুন চাকরির আনন্দ নিয়ে বাড়ি ফেরা হলো না আনোয়ারের

নতুন চাকরি পেয়েছেন। বুকভরা স্বপ্ন আর পরিবারের মুখে হাসি ফোটানোর প্রত্যাশা নিয়ে বাড়ি ফিরছিলেন আনোয়ার হোসেন (৩০) । হয়তো মনে মনে ভেবেছিলেন, বাড়ি পৌঁছে মা-বাবাকে জড়িয়ে ধরবেন, স্ত্রীকে শোনাবেন নতুন কর্মজীবনের গল্প, আদরের সন্তানদের টেনে নেবেন বুকে। কিন্তু দুর্ঘটনা কেড়ে নিল তার সব স্বপ্ন। পরিবারের আনন্দের প্রতীক্ষা রূপ নিল কান্না আর আহাজারিতে।

গতকাল মঙ্গলবার ভোর ৫টার দিকে নাটোরের বড়াইগ্রামে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে বাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ হারান আনোয়ার। তিনি রাজশাহীর বাগমারার শ্রীপুর ইউনিয়নের চাঁইপাড়া গ্রামের বাসিন্দা। ঢাকায় একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি। সম্প্রতি একটি প্রকল্পে নতুন চাকরিতে যোগ দিয়েছিলেন। সেই নতুন কর্মজীবনের খবর নিয়ে পরিবারের কাছে ফিরছিলেন।

বিজ্ঞাপন

নাটোর-রাজশাহী মহাসড়কের পুঠিয়ায় বাস থেকে নেমে বাড়ি পৌঁছানোর কথা ছিল তার। বাড়ি ফেরার খবর মুঠোফোনে পরিবারের সদস্যদের জানিয়েও দিয়েছিলেন। কিন্তু স্বজনদের সঙ্গে তার আর দেখা হলো না। আনোয়ারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তার গ্রামের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। যে বাড়িতে তাকে ঘিরে আনন্দের অপেক্ষা ছিল, সেই বাড়িতেই শুরু হয় স্বজনদের আহাজারি। মা-বাবার কাছে সন্তানের ফিরে আসার অপেক্ষা পরিণত হয় চিরবিচ্ছেদের বেদনায়।

আনোয়ারের স্ত্রী ফাতেমা বিবি দুই সন্তানকে নিয়ে বাগমারার কোনোপাড়া গ্রামে বাবার বাড়িতে ছিলেন। সেখানেই স্বামীর মৃত্যুর খবর পান তিনি। যে মানুষটির ফিরে আসার অপেক্ষায় ছিলেন, তার আর ফেরা হবে না, এ কথা যেন মেনে নিতে পারছিলেন না ফাতেমা। পরে সন্তানদের নিয়ে স্বামীর বাড়িতে ফিরলেও শোকে বারবার জ্ঞান হারাচ্ছিলেন তিনি। বাবাকে হারানো সন্তানদের ভবিষ্যৎ আর সংসারের অনিশ্চয়তা যেন তার শোককে আরো ভারী করে তুলেছে।

নতুন চাকরি ঘিরে আনোয়ারের পরিবারে হয়তো ছিল নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই সবকিছু ওলটপালট হয়ে গেল। দুই সন্তানের মাথার ওপর থেকে সরে গেল বাবার ছায়া। মা-বাবা হারালেন সন্তানকে, স্ত্রী হারালেন জীবনসঙ্গী। আর যে বাড়িতে ফেরার কথা ছিল তার, সেখানে ফিরল শুধু মৃত্যুসংবাদ।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল থেকে চাঁপাইনবাবগঞ্জগামী আরপি স্পেশাল পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করে নাটোর ও রাজশাহীসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এই দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন